কাল সকালে আয়নার সামনে দাঁড়ায়া

কাল সকালে আয়নার সামনে দাঁড়ায়া একবার নিজের মুখটা ভালো কইর‍্যা দেখবেন। ওই মুখ এই পৃথিবীতে একটাই। শত শত কোটি মানুষ এই মাটিতে হাঁটসে, হাঁটতেসে, হাঁটবো। কারো সাথে আপনার মুখ মিলে নাই, মিলবোও না। আপনার আঙুলের ছাপ, হাতের লেখা, হাসির শব্দ, কোনোটার দ্বিতীয় কপি নাই।

আপনারে ছাঁচে ঢাইল্যা বানানো হয় নাই। কারখানায় একই মাপের হাজার হাজার বোতল বানায়, একটা ভাঙলে আরেকটা আইন্যা বসায়া দেয়। আপনি ওই রকম না। সৃষ্টিকর্তা আপনারে বানাইসেন আপনার মতো কইর‍্যা, নিজের হাতে, একবারই। তারপর ছাঁচটা ভাইঙ্গা ফালাইসেন।

ক্যান? এত যত্ন কইর‍্যা আলাদা কইর‍্যা ক্যান বানাইলেন? কারণ আপনার একটা কাজ আছে, যেইটা আর কেউ পারবো না। হয়তো কোনো এক রাতে আপনার একটা কথায় কেউ বাঁইচ্যা থাকার কারণ খুঁইজ্যা পাইবো। হয়তো আপনার আঙুল ধইর‍্যা একটা বাচ্চা প্রথম হাঁটা শিখবো। হয়তো ক্লাসের পিছনের বেঞ্চের যেই ছেলেটারে সবাই গাধা কয়, তারে আপনি একদিন কইবেন তুই পারবি, আর ওই এক কথায় তার জীবনটা ঘুইর‍্যা যাইবো। হয়তো রাস্তায় পইড়্যা থাকা এক অচেনা মানুষরে সবাই পাশ কাটায়া যাইবো, আর আপনি থামবেন। হয়তো হাসপাতালের বারান্দায় কাঁদতে থাকা কারো মায়ের হাতটা আপনি ধইর‍্যা বসবেন। হয়তো একটা অন্যায়ের সামনে আপনি একলা দাঁড়ায়া কইবেন – “না”, আর আপনারে দেইখ্যা আরো দশজন সাহস পাইবো। হয়তো একটা গাছ লাগাইবেন, পঞ্চাশ বছর পরে যার ছায়ায় এক অচেনা মানুষ জিরাইবো, আপনার নামও জানবো না। হয়তো অভিমান কইর‍্যা মুখ ফিরায়া থাকা বন্ধুর দরজায় প্রথম কড়াটা আপনিই নাড়বেন। হয়তো আপনার হাতের রান্না কারো কাছে সারা জীবন বাড়ির স্বাদ হইয়া থাকবো। হয়তো কোনো বুড়া মানুষ সারাদিন বইস্যা থাকে, কখন আপনি ফোন দিবেন। হয়তো কারো শেষ নিঃশ্বাসের সময় পাশে বসা মানুষটা হইবেন আপনি।

এইগুলারে সামান্য ভাবেন? একটা মানুষের জীবন এই সামান্যগুলা দিয়াই বানানো। আর এর একটাও আপনার বদলি কেউ আইস্যা কইর‍্যা দিবো না।

আমাদের প্রত্যেকের জীবনেই, কিছু রাত আসে যখন মনে হয় আমি না থাকলে কার কী আসে যায়। মনে হয় আমি একটা ফেলনা জিনিস, কারো কোনো কামে লাগি না। আমারও এই প্যারিসের শুরুর দিকে মনে হইসিল, আমার সবকিছু শেষ হইয়া গেসে। আমার জীবন এইখানেই থাইম্যা গেলো। থামে নাই। যেই কাজের লাইগ্যা তিনি আমারে পাঠাইসিলেন, সেই কাজ এই দূর দেশে বইস্যাও আমারে দিয়া করায়া নিতেসেন।

তাই কই, ওই রাতে যেই গলাটা কানে কানে কয় তুই মূল্যহীন, ওইটা মিথ্যা কয়। সারা দুনিয়া ওর সাথে একমত হইলেও মিথ্যা কয়।

লালন সাঁই গাইসেন,

“এমন মানব জনম আর কি হবে।

মন যা কর, ত্বরায় কর এই ভবে।।

অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই,

শুনি মানবের তুলনা কিছুই নাই।

দেব-দানবগণ, করে আরাধন

জনম নিতে মানবে।”

যেই জনমের লাইগ্যা দেবতারা হাত তুইল্যা বইস্যা থাকে, সেই জনম আপনি পাইসেন। বিনা দরখাস্তে। কোনো যোগ্যতার পরীক্ষা দিতে হয় নাই, কারো সুপারিশ লাগে নাই। খালি তাঁর দয়ায়।

সাঁই ক্যান কইলেন ত্বরায় কর? কারণ এই জনম একবারই। আপনার জীবনটা যদি হেলায় হারায়া যায়, ক্ষতিটা খালি আপনার একার না, দুনিয়ার। আপনার জায়গায় আরেকজন জন্মাইবো, কিন্তু সে আপনি হইবো না। দুনিয়ার ওই খালি জায়গাটা খালিই থাইক্যা যাইবো। ওই ক্ষতি কেউ কোনোদিন পূরণ করতে পারবো না।

এখন একটা দিনের কথা মনে করেন, যেই দিনটা আপনার মনে নাই। যেই দিন আপনি জন্মাইসিলেন।

তখন আপনার কোনো নাম আছিল না। কোনো ডিগ্রি আছিল না, চাকরি আছিল না, টাকা আছিল না। কেউ জানতো না আপনি বড় হইয়া কী হইবেন, ভালো হইবেন না খারাপ, সফল না ব্যর্থ। আপনি কিছুই পারতেন না, খালি কানতে পারতেন। অথচ একজন মানুষ আপনারে প্রথমবার কোলে নিয়া এমনভাবে চাইয়া আছিল, যেন দুনিয়ার সবচাইতে দামি জিনিসটা তার কোলে। কিছু না কইর‍্যাই আপনি তার কাছে সব আছিলেন।

হয়তো সেই মা আজকে নাই। হয়তো আছে, অনেক দূরে, অনেকদিন কথা হয় নাই। কিন্তু ওই প্রথম দিনের চোখ মিথ্যা কয় নাই। ওই চোখ আপনারে দেখসিল সৃষ্টিকর্তা যেমনে দেখেন। কোনো কাজের হিসাব ছাড়া, কোনো দাম ছাড়া। খালি এই কারণে যে আপনি আছেন।

তাই একবার মাথা নোয়ান। যেই নামে তাঁরে ডাকেন, সেই নামে কন: মালিক, তুমি আমারে যেমনে বানাইসো, আমি তেমনেই খুশি। আমার দুর্বলতাগুলাও তোমার দেওয়া, ওইগুলাও আমি ফিরায়া দিতে চাই না। এই চোখ, এই শ্বাস, এই মায়ের কোল, এই ভাষা, একটি পরিপূর্ণ জীবন এর একটারও দাম আমি দেই নাই, কোনোদিন দিতে পারমুও না। যেই কাজের লাইগ্যা পাঠাইসো, সেইটা যেন কইর‍্যা যাইতে পারি, হেলায় যেন না হারাই। বাকিটা তোমার হাতে ছাইড়্যা দিলাম।

কাল সকালে আয়নার সামনে আবার দাঁড়াইবেন। এইবার নিজের চোখ দিয়া না, মায়ের ওই প্রথম দিনের চোখ দিয়া নিজেরে দেখবেন। তারপর কইবেন, তোরে একবারই বানাইসে। নিজের হাতে। তুই এই জনমটা হেলায় হারাইস না।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter