সাব্বির সাহেব আমার গতরাতের লেখায় প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমি বিস্মিত তার প্রতিক্রিয়া দেখে। তিনি রূপত একটি পলিটিক্যাল লেখাকে ব্যক্তিগতভাবে নিয়ে আমার নামে ইতর ভাষা প্রয়োগ করেছেন। এবং আমার বিরুদ্ধে গালিবাজদের উস্কে দিয়েছেন।
আসুন তার লেখা দেখি।
প্রথমে তিনি স্বীকার করে নিয়েছেন যে, তিনি বলেছেন “মাদ্রাসাই হচ্ছে জঙ্গী তৈরির কারখানা। তারমানে এই না যে মাদ্রাসার সব ছাত্র/ছাত্রীই জঙ্গী”।
উনি শব্দ চয়নে কারখানা বা প্রোডাকশন লাইনের কথা ব্যবহার করবেন, যেই লাইনে ইনপুট দেয়া সকল গুডস এর রূপান্তর হয়; কিন্তু আবার বলবেন “সব ছাত্র/ছাত্রীই জঙ্গি নয়”। এটা হচ্ছে শ্যাম ও কুল একসাথে রাখার মতো স্টেটমেন্ট। এমন কোন প্রোডাকশন লাইন কী কেউ দেখেছেন যেখানে কিছু কিছু গুডস রূপান্তরিত হয়না?
উনি আমাকে প্রশ্ন করেছেন, “কোথায় আপনি আমাকে লিখতে দেখেছেন এই কথা যে আমি মাদ্রাসার সব ছাত্র/ছাত্রীকে জঙ্গী বলেছি? এটা আপনার টুইস্টেড লেখা আমার প্রতি বিষদগার করার জন্য। অত্যন্ত অভদ্রোচিত আচরন আপনার। এখন কিছুটা অণুধাবন করছি, কেন আপনার প্রতি মানুষ নোংরা বিষদগার করে।”
আমার ধারণা উনি আমার লেখাটি পড়েন নাই। না পড়েই অন্ধ আক্রোশে উত্তর লিখেছেন। আমি কোথায় অভিযোগ করলাম, যে “আপনি লিখেছেন”?? আমি বলেছি “আপনারা বলেছেন”। এই “আপনারা” হচ্ছে সেই তথাকথিত প্রগতিশীল, স্যেকুলার বুদ্ধিজীবী দল; যার অংশ আপনিও, একটা ফ্যাসিস্ট শাসনের বৈধতা তৈরি করছেন এবং মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে ক্রমাগত ঘৃণা উৎপাদন করেছেন। আপনাকে আমি আলাদা করে নাম ধরে অভিযুক্ত করিনি। চাইলে এর অসংখ্য উদাহরণ হাজির করা যাবে। আপনি ব্যক্তিগতভাবে বলেছেন এটা আমি কোথাও লিখি নাই। আপনি ব্যক্তিগতভাবে বলেছেন কিনা সেটা ইমম্যাটারিয়াল। আপনার নিজের পাতে ঝোল টেনে নিতে হল কারণ আপনি যেই শ্রেণীতে বিলং করেন সেই শ্রেণীকে আক্রান্ত দেখে নিজেকেও আক্রান্ত মনে করেছেন। তাছাড়া “আপনারা” আপনার কাছের “আপনি” বলে প্রতিভাত হল কেন? ন্যায় দর্শনে “ছল” বলে একটা পদার্থ আছে। বক্তা যে অর্থে একটি শব্দ বা বাক্য প্রয়োগ করেন, প্রতিপক্ষ যদি সেই শব্দ বা বাক্যের অন্য অর্থ কল্পনা করে বক্তার বক্তব্যের দোষ দেখান, তাহলে তাকে বলা হয় ছল। সাব্বির সাহেব স্পষ্টতই ছলের আশ্রয় নিয়েছেন।
আপনি আমাকে উদ্দেশ্য করে লিখেছেন, “আপনি এমন কেউ নন যে আপনার লেখার প্রতিক্রিয়া দেখাতে হবে।”
হা হা হা জনাব, তারপরেও দেখিয়েছেন তাইনা? কাউকে উপেক্ষা আর তাচ্ছিল্য করা আপনাদের ক্লাস ক্যারেকটার। আপনাদের শ্রেণীর অন্তর্গত গভীর অসুখ।
বাই দ্য ওয়ে সাব্বির সাহেব, আপনি লিখেছেন “এখন কিছুটা অণুধাবন করছি, কেন আপনার প্রতি মানুষ নোংরা বিষদগার করে।” এই কথার সরল অর্থ হচ্ছে, ঠিকই আছে, আপনারে তো গালাইবেই। আমাকে গালাগালি করার বৈধতা গালিবাজেরা কোথায় থেকে পায় সেটা আপনার এই কথা দেখলে সবাই বুঝবে।
এমন উপরতলার বুদ্ধিজীবীরা যদি এভাবে সূক্ষ্ম প্রশ্রয় দেয় তাহলে গালিবাজদের আর পায় কে?


